অসুস্থ হলে চেয়ারে নামাজ বৈধ, তবে মানতে হবে নির্দিষ্ট শর্ত
অনেকেই অসুস্থতা বা বার্ধক্যের কারণে নামাজে দাঁড়াতে বা রুকু-সিজদা করতে অক্ষম হন। এ অবস্থায় চেয়ারে বসে নামাজ আদায় করা জায়েজ—তবে এরও রয়েছে নির্দিষ্ট শর্ত ও পদ্ধতি। ইসলামী বিশেষজ্ঞদের মতে, শরীয়ত চেয়ারে নামাজ আদায়ের অনুমতি দেয়, তবে তা শুধুমাত্র গ্রহণযোগ্য ওজর থাকলেই।
যারা দাঁড়িয়ে থাকা, রুকু ও সিজদা করতে একেবারেই অক্ষম, তাদের জন্য চেয়ারে বসে ইশারায় নামাজ আদায় করা বৈধ। সেক্ষেত্রে রুকু ও সিজদার সময় মাথা যথাযথভাবে ঝুঁকিয়ে ইশারা করতে হবে।
যদি কেউ রুকু-সিজদা করতে না পারলেও মাটিতে বসে নামাজ পড়তে সক্ষম হন, তাহলে চেয়ারে নয় বরং মাটিতে বসেই নামাজ পড়া উচিত। হাদিস ও সাহাবিদের জীবনী অনুযায়ী, পূর্ববর্তী যুগেও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা মাটিতে বসে নামাজ আদায় করতেন, চেয়ারের ব্যবহার দেখা যায়নি।
শুধুমাত্র আরামের জন্য বা অল্প কষ্টে কেউ চেয়ারে বসে নামাজ আদায় করলে, সেই নামাজ শরিয়তসম্মতভাবে গ্রহণযোগ্য হবে না। এমনকি চেয়ারে বসে টেবিল বা অন্য কিছুর ওপর সিজদার ভান করলেও তা সঠিক নয়, কারণ এতে সিজদার ফরজ শর্ত পূরণ হয় না।
চেয়ারে নামাজ পড়ার সঠিক পদ্ধতি
-
কিয়াম (দাঁড়িয়ে থাকা) সম্ভব হলে দাঁড়িয়ে শুরু করতে হবে।
-
রুকু ও সিজদা ইশারার মাধ্যমে করতে হবে—রুকুর সময় মাথা একটু, সিজদায় আরও নিচু করতে হবে।
-
হাত হাঁটুতেই থাকবে, সিজদার সময় কপাল সামনে তুলে ধরার মতো ভুল পদ্ধতি ব্যবহার করা যাবে না।
-
সামনে টেবিল বা সাপোর্ট নিয়ে সিজদার চেষ্টা করাও ভুল।
ইসলাম সবসময় সহজতা চায়, তবে তা শর্তযুক্ত। রোগ, অসুস্থতা বা পঙ্গুত্বের মতো বাস্তব কারণ থাকলে শরিয়ত চেয়ারে বসে নামাজের অনুমতি দেয়, কিন্তু কেবল স্বাচ্ছন্দ্য বা অলসতার কারণে নয়।


