শরিকে কেউ কম টাকা দিলে কি কোরবানি সহিহ হবে?
কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান মুসলমানের ওপর এটি ওয়াজিব। অনেকেই গরু, মহিষ বা উটে শরিক হয়ে কোরবানি আদায় করেন। তবে শরিকানার ক্ষেত্রে ইসলামী শরিয়তে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা মানা জরুরি।
ফিকহ অনুযায়ী, গরু, মহিষ বা উটে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারেন। এর বেশি শরিক হলে কারও কোরবানিই সহিহ হবে না। অন্যদিকে ছাগল, ভেড়া বা দুম্বা শুধু একজনের পক্ষ থেকেই কোরবানি করা যায়।

ইসলামী আইনবিদরা বলেন, শরিকানায় কোরবানি করতে হলে প্রত্যেকের অংশ নির্ধারিত ও সমান হতে হবে। অর্থাৎ সাতজন শরিক হলে প্রত্যেকের অংশ হবে এক-সপ্তমাংশ। কারও অংশ এর কম বা বেশি হলে কোরবানি শুদ্ধ হবে না।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তবে কোনো শরিক আর্থিকভাবে দুর্বল হলে অন্য শরিক তার পক্ষ থেকে কিছু টাকা সহযোগিতা করতে পারেন। সেক্ষেত্রে শর্ত হলো— ওই ব্যক্তির কোরবানির অংশ পূর্ণ এক-সপ্তমাংশ হতে হবে। অর্থাৎ হিস্যার পরিমাণ কমানো যাবে না; শুধু টাকার সহযোগিতা করা যেতে পারে।
ফিকহের কিতাব ‘বাদায়েউস সানায়ে’-তে উল্লেখ রয়েছে, যদি কারও অংশ এক-সপ্তমাংশের কম হয়, তাহলে সব শরিকের কোরবানি বাতিল হয়ে যাবে।
এ বিষয়ে হজরত জাবের (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, তিনি বলেন, “আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে হজ করেছি। তখন আমরা সাতজন মিলে একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি।” — (সহিহ মুসলিম: ১৩১৮)
তাই শরিকে কোরবানি করার আগে অংশ, নিয়ত ও অর্থের বিষয়গুলো পরিষ্কারভাবে নির্ধারণ করে নেওয়ার পরামর্শ দিয়েছেন আলেমরা।

