২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধন শেষ করতে হবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে

ধর্ম
২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধন শেষ করতে হবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে
নিউজ ডেস্ক
৮ জুন ২০২৬

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ পালনের প্রস্তুতি শুরু করতে পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যেই হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত রোডম্যাপে হজ কার্যক্রমের বিভিন্ন ধাপ ও গুরুত্বপূর্ণ তারিখ তুলে ধরা হয়েছে।

এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আন্তর্জাতিক সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সেখানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে রোডম্যাপ হস্তান্তর করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে ২০২৭ (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

এদিকে সৌদি আরবে হজ ব্যবস্থাপনার ব্যয় পরিশোধের জন্য নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে অর্থ স্থানান্তরের সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া তাঁবু, আবাসন, পরিবহন, ক্যাটারিংসহ বিভিন্ন সেবা প্যাকেজ গ্রহণের জন্য নুসুক মাসারের মাধ্যমে চুক্তি স্বাক্ষর কার্যক্রম শুরু হবে ২৯ জুলাই ২০২৬ এবং শেষ হবে ২৩ জানুয়ারি ২০২৭।

রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭-এর মধ্যে। একই সময়ে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর সঙ্গে চুক্তি ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুসরণ করে সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হজ এজেন্সি ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।