২০২৫ সালের হজ শুরু কাল, সৌদির নজিরবিহীন প্রযুক্তি ও নিরাপত্তা প্রস্তুতি

ধর্ম
২০২৫ সালের হজ শুরু কাল, সৌদির নজিরবিহীন প্রযুক্তি ও নিরাপত্তা প্রস্তুতি
নিউজ ডেস্ক
৩ জুন ২০২৫

বিশ্ব মুসলিমদের সবচেয়ে পবিত্র ধর্মীয় আনুষ্ঠানিকতা হজের ২০২৫ সালের মৌসুম শুরু হচ্ছে আগামীকাল বুধবার (৪ জুন)। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ৮ তারিখে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলে ১৩ তারিখ পর্যন্ত। এ সময় পবিত্র মক্কা নগরীসহ মিনায় সমবেত হবেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।

চলতি বছর বিশ্বের ৭১টি দেশ থেকে আসা হজযাত্রীদের পরিবহন ও ব্যবস্থাপনায় নজিরবিহীন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এখন পর্যন্ত ৩,৩১৪টি ফ্লাইটে হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়।

বিশাল এই আয়োজনে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে আবারও চালু হচ্ছে ‘আল মাশায়ের আল মুগাদ্দাসা’ মেট্রো সার্ভিস—যা ‘স্যাক্রেড সাইটস ট্রেন লাইন’ নামেও পরিচিত। এই ট্রেন হজের সাত দিনে চলবে প্রায় ৪,৯০০ বার এবং পরিবহন করবে প্রায় ২০ লাখ হজযাত্রীকে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সড়ক ব্যবস্থাপনায়ও এসেছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ৭,৪০০ কিলোমিটার সড়ক স্ক্যান, সংস্কার ও পরিদর্শন করা হয়েছে। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে ২৫ হাজারের বেশি বাস, যা থাকবে প্রযুক্তিগত তদারকির আওতায়।

পরিবহন ও লজিস্টিক সার্ভিস বিভাগের মুখপাত্র সালেহ আল জাওয়াইদ জানিয়েছেন, হারামাইন হাইস্পিড রেলের ট্রিপ সংখ্যা গত বছরের তুলনায় ৭৫% বাড়ানো হয়েছে, যাতে আরও বেশি হজযাত্রী নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এদিকে, মক্কা, মদিনা ও হজের পবিত্র স্থানগুলোতে উন্নত নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করতে ৪জি ও ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে ৯৯ শতাংশ পর্যন্ত। স্থাপন করা হয়েছে ১০,৫০০টি ওয়াইফাই পয়েন্ট, যাতে হজযাত্রীরা সহজেই ইন্টারনেট সেবা পান।

সবমিলিয়ে এবারের হজ মৌসুম শুরু হচ্ছে উচ্চতর প্রযুক্তি, নিরাপত্তা এবং সুবিন্যস্ত ব্যবস্থাপনার মাধ্যমে, যা এবারের হজকে আরও স্মরণীয় করে তুলবে বলে আশা করছে সৌদি প্রশাসন।