গলে শুরুটা হতাশাজনক, শান্ত-মুশফিকে ফিরে দাঁড়াল বাংলাদেশ
গলের ব্যাটিংবান্ধব উইকেটেও টস জিতে ব্যাটিং নেওয়ার পর শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না বাংলাদেশের। প্রথম সেশনেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। কিন্তু সেই চাপ থেকে দলকে টেনে তুলে দ্বিতীয় সেশনে দৃঢ় অবস্থানে নিয়ে যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
দু’জনের অবিচ্ছিন্ন ১৩৭ রানের পার্টনারশিপে ভর করে চা-বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৮২ রান। শান্ত ৭০ ও মুশফিক ৬৬ রানে অপরাজিত আছেন।
ইনিংসের পঞ্চম ওভারেই শূন্য রানে ফিরেন ওপেনার এনামুল হক বিজয়। পরে অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু রথনায়েকের ঘূর্ণিতে পরপর দুই বলে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম (১৪) ও মুমিনুল হক (২৯)। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এমন মুহূর্তে উইকেটে দাঁড়িয়ে দলকে পথ দেখান শান্ত ও মুশফিক। প্রথম সেশনের শেষ থেকে দ্বিতীয় সেশনের পুরোটা জুড়ে তাঁরা ধৈর্য্য ও দৃঢ়তার পরিচয় দেন। দ্বিতীয় সেশনে বাংলাদেশ ৩০ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৯২ রান।
শান্ত এরই মধ্যে ৭০ রানে অপরাজিত থেকে ফর্মের ইঙ্গিত দিয়েছেন। মুশফিকও ছিলেন সাবলীল, ৬৬ রানে অপরাজিত থেকে চা-বিরতিতে যান।
ম্যাচের শুরুতে ধস নামলেও শান্ত ও মুশফিক বুঝিয়ে দিয়েছেন, শৃঙ্খলিত ব্যাটিং দিয়েই চাপ সামলানো সম্ভব। গলের মতো উইকেটে বড় স্কোর গড়তে হলে আরও একটি বড় জুটি ও লোয়ার অর্ডারের অবদান প্রয়োজন হবে।


