চিরবিদায় ‘টার্বানড টর্নেডো’: ১১৪ বছর বয়সে না-ফেরার দেশে ফৌজা সিং

খেলাধুলা
চিরবিদায় ‘টার্বানড টর্নেডো’: ১১৪ বছর বয়সে না-ফেরার দেশে ফৌজা সিং
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

বিশ্ব ক্রীড়াঙ্গনের এক অনন্য অনুপ্রেরণার নাম ফৌজা সিং। জীবনের শতবর্ষ পার করেও যিনি দৌড়াতে ছাড়েননি, সেই ‘টার্বানড টর্নেডো’ অবশেষে থেমে গেলেন। ১১৪ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই কিংবদন্তি দৌড়বিদ।

সোমবার (১৪ জুলাই) ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর-পাঠানকোট মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফৌজার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লেখক খুশবন্ত সিং, যিনি ফৌজার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমার প্রিয় ‘টার্বানড টর্নেডো’ আর নেই। বিকেল সাড়ে তিনটার দিকে নিজ গ্রামে দুর্ঘটনায় তিনি মারা গেছেন। শান্তিতে ঘুমান, কিংবদন্তি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১৯১১ সালের ১ এপ্রিল জন্ম নেওয়া ফৌজা সিং জীবনের অনেকটা সময় কৃষিকাজে পার করেছেন। কিন্তু স্ত্রীর ও পুত্রের মৃত্যুর পর জীবনের ভার কাটাতে দৌড়কেই বেছে নেন তিনি।

২০০০ সালে, ৮৯ বছর বয়সে, লন্ডন ম্যারাথনের মধ্য দিয়ে তার আন্তর্জাতিক দৌড় জীবনের সূচনা। এরপর নিউ ইয়র্ক, টরন্টোসহ বহু শহরে অংশ নিয়েছেন ২৬.২ মাইল দীর্ঘ ম্যারাথনে। ২০১১ সালে ১০০ বছর বয়সে তিনি কানাডায় একদিনে ৮টি বয়সভিত্তিক বিশ্বরেকর্ড গড়েন।

২০০৪ সালের এথেন্স এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনি ছিলেন অলিম্পিক টর্চবাহক। এছাড়া মোহাম্মদ আলি ও ডেভিড বেকহ্যামের সঙ্গে একটি ক্রীড়া ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও অংশ নিয়েছিলেন তিনি।

২০১১ সালে তার জীবনীগ্রন্থ “টার্বানড টর্নেডো” ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডসে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

বিশ্বজুড়ে বয়স ও সীমাবদ্ধতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক ছিলেন ফৌজা। দৌড়, দৃঢ়তা ও ধৈর্যের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন— মনের জোর থাকলে বয়স কখনো বাধা হতে পারে না।

আজ তার দেহ থেমে গেলেও, বিশ্ব ক্রীড়ার ইতিহাসে ফৌজা সিংয়ের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।