উত্তরায় বিমান দুর্ঘটনায় কালো ব্যাজে মাঠে নামবে টাইগাররা
ঢাকার উত্তরায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় শোকাচ্ছন্ন গোটা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ২০০ জন, যাদের অনেকেই শিশু ও কিশোর শিক্ষার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকার আকাশে উড্ডয়নরত একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয় ক্যাম্পাসের ক্যানটিনের ওপর আছড়ে পড়ে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকা কেঁপে ওঠে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় নামে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও স্থানীয় প্রশাসন। গুরুতর আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই এখনো জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
সরকার আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শোক পালন করা হবে।
এদিকে দুর্ঘটনার প্রভাব পড়েছে ক্রীড়া অঙ্গনেও। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ও বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পৃথক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামবেন। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে দুই দলের পক্ষ থেকে।
বিসিবির মিডিয়া ম্যানেজার ইমাম হোসেন সাংবাদিকদের বলেন,
“এই দুঃসময় জাতির জন্য এক গভীর ক্ষতির সময়। আমাদের খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করবেন এবং ম্যাচের আগে নীরবতা পালন করা হবে। এটি বিসিবির পক্ষ থেকে শোক প্রকাশের একটি ছোট প্রয়াস।”
পাকিস্তান দল কালো ব্যাজ ধারণ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে বিসিবি জানিয়েছে, সফরকারী দলের জন্য বিষয়টি বাধ্যতামূলক না হলেও তারা চাইলে শোক পালনে অংশ নিতে পারেন।


