টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জেতাচ্ছেন কে: ব্যাটার না বোলার?

খেলাধুলা
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জেতাচ্ছেন কে: ব্যাটার না বোলার?
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

রোববার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে আবারও আলোচনায় টিম বাংলাদেশ। মাত্র ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংসে ছক্কার ফুলঝুরি দেখে অনেকে বলছেন—এই জয়ের নায়ক ব্যাটাররাই।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। এই জয় কিংবা সাম্প্রতিক কয়েকটি সিরিজ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জয়ের মূল চাবিকাঠি বোলাররাই।

টস হেরে প্রথমে ব্যাট করা পাকিস্তানকে মাত্র ১১০ রানে থামিয়ে দেয় বাংলাদেশের বোলিং ইউনিট। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের নিখুঁত বোলিংয়ে ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইনআপ। এরপর ইমন ও হৃদয়ের দারুণ ব্যাটিং জয় নিশ্চিত করে। কিন্তু ১১০ রানের লক্ষ্যটা যদি আরও বড় হতো?

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরব আমিরাত, শ্রীলঙ্কা, এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচগুলো বিশ্লেষণ করলে দেখা যায়—বেশিরভাগ জয় এসেছে তখনই, যখন বোলাররা নিয়ন্ত্রিত ও কৃপণ বোলিং করেছেন। বিশেষ করে ‘ডেথ ওভারে’ মোস্তাফিজুর রহমানের ভূমিকা ছিল দুর্দান্ত।

যেমন আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে বড় স্কোর করেও বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ দিকে মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।

অন্যদিকে, পাকিস্তান বা আরব আমিরাতের বিপক্ষে যেসব ম্যাচে হার এসেছে, সেগুলোর মূল কারণ ছিল বোলিং ব্যর্থতা। ২০০+ রান করেও জয় হাতছাড়া হয়, যখন মোস্তাফিজকে বিশ্রামে রাখা হয় বা বোলিং ইউনিট কার্যকর হতে ব্যর্থ হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি ৮৩ রানের জয় কিংবা সিরিজ জয়ে মূল কারিগর ছিলেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। ব্যাটারদের রানকে প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে এই বোলাররাই মূল দায়িত্ব পালন করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তোলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষকে চাপে রাখা। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বড় রানের ইনিংসও রক্ষা করা যায় না যদি বোলিং ইউনিট ব্যর্থ হয়। অন্যদিকে, মাঝারি স্কোরেও ম্যাচ জিতেছে টাইগাররা, যখন বোলাররা ধারাবাহিক ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি ধারাবাহিকভাবে ম্যাচ জিততে চায়, তাহলে মোস্তাফিজুর রহমানের মতো বোলারদের ফর্মে থাকা ও সঠিক কম্বিনেশন গড়ে তোলাই হতে পারে সবচেয়ে কার্যকর কৌশল।