বরিশাল বিভাগের নতুন কোচ মোহাম্মদ আশরাফুল, ঘরোয়া ক্রিকেটে ফিরছে নতুন দৃষ্টিভঙ্গি

খেলাধুলা
বরিশাল বিভাগের নতুন কোচ মোহাম্মদ আশরাফুল, ঘরোয়া ক্রিকেটে ফিরছে নতুন দৃষ্টিভঙ্গি
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫

অবসরের পর কোচিং ক্যারিয়ারে মনোযোগী হয়ে উঠেছেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। এবার তাকে দেওয়া হয়েছে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব, যা দেশের ঘরোয়া ক্রিকেটে তার নতুন যাত্রার সূচনা বলে মনে করা হচ্ছে।

আগে বিপিএলের রংপুর রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন আশরাফুল। এবার জাতীয় ক্রিকেট লিগসহ বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্টে বরিশাল দলে তার নেতৃত্বে ভালো ফলাফল আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় ক্রিকেট লিগ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “বরিশাল বিভাগের ভবিষ্যত নিয়ে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। আশরাফুলের খেলোয়াড়ি জীবন ও কোচিং আগ্রহ আমাদের জন্য বড় সম্পদ। সে বরিশালে খেলেছে, তাই দলের সংস্কৃতি এবং পরিস্থিতি ভালোভাবেই জানে। তার নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বরিশাল দলের ভেতরে চলমান দ্বন্দ্ব ও অসন্তোষ দূর করার পরিকল্পনা নিয়েও বিসিবি সতর্ক। আকরাম খান জানান, “টিম ম্যানেজার, কোচ এবং অধিনায়কের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনার পর দ্রুত সমাধান আনার চেষ্টা চলছে। দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে না কাজ করলে তাদের জায়গায় পরিবর্তন আনা হবে।”

আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা আগামী ২৭ আগস্ট শুরু হবে। এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা অংশ নেবে। এর মাধ্যমে নতুন প্রতিভা আবিষ্কারের পাশাপাশি আঞ্চলিক ক্রিকেটের প্রসার হবে বলে বিশ্বাস বিসিবির।

আকরাম খান বলেন, “আমাদের লক্ষ্য হল দেশের ঘরোয়া ক্রিকেটের ভিত্তি মজবুত করা। আশা করছি, এই টুর্নামেন্ট থেকে উঠে আসা ক্রিকেটাররা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।”

মোহাম্মদ আশরাফুলের কোচিংয়ে বরিশালের ক্রিকেটে নতুন উদ্যম ও শৃঙ্খলা ফিরে আসবে—এটাই বিসিবির প্রত্যাশা।