ভারত সফরে আসছে আর্জেন্টিনা, কেরালায় খেলবেন মেসি!
অবশেষে যা গুঞ্জন ছিল, তা এবার বাস্তবে রূপ নিচ্ছে। লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বরে ভারত সফরে আসছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরাহিমান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, “মেসি আসছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলসহ লিওনেল মেসি কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসছেন। বিষয়টি নিয়ে অফিশিয়াল কনফার্মেশন মেইল পেয়েছি।”
ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উইন্ডো ধরে ম্যাচটি অনুষ্ঠিত হবে কেরালায়। এখনো প্রতিপক্ষ নির্ধারণ হয়নি, তবে আয়োজকরা আশা করছেন, একটি শক্তিশালী আন্তর্জাতিক দলই খেলবে আলবিসেলেস্তাদের বিপক্ষে।
এর আগেও একবার ভারতে খেলেছেন লিওনেল মেসি। ২০১১ সালের সেপ্টেম্বরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে তার দল জিতেছিল ১-০ গোলে। পরে তারা ঢাকায় গিয়ে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচও খেলেছিল এবং জয় পায় ৩-১ ব্যবধানে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতোমধ্যেই জানিয়েছেন, এই সফর শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, কেরালার সংস্কৃতি ও অতিথিপরায়ণতার প্রতিফলনও বয়ে আনবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “লিওনেল মেসিকেও এই সফরে মাঠে দেখা যাবে বলে আশা করছি।”
২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়। সেই জয়ের পর এবারই প্রথমবার দক্ষিণ এশিয়ার মাটিতে খেলতে আসছে দলটি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির হয়ে খেলা ৩৮ বছর বয়সী মেসি এখনও দুর্দান্ত ফর্মে আছেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফুটবল বিশ্বের এক জীবন্ত কিংবদন্তি, যার উপস্থিতি মানেই স্টেডিয়ামভর্তি দর্শক ও উদ্দীপনা।


