বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষণে নতুন মুখ, আসলেন ভারতের অক্ষয় হিরামান্থ
এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে নতুন সংযোজন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের অক্ষয় হিরামান্থ। ইতোমধ্যে তিনি দলের সঙ্গে সিলেটে যোগ দিয়েছেন।
বিসিবির সূত্রে জানা গেছে, অক্ষয়ের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বোর্ড। তার কাজের পরিধি থাকবে জাতীয় দলের ম্যাচ ও খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণ, ট্যাকটিকস প্রস্তুত এবং প্রতিপক্ষ বিশ্লেষণ ইত্যাদি।
নতুন এই পারফরম্যান্স অ্যানালিস্ট কাজ করেছেন আইপিএলে রাজস্থান রয়্যালস দলের সঙ্গে। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক পর্যায়েও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তার আগমন জাতীয় দলের বিশ্লেষণ কাঠামোয় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে বোর্ড।
বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘ ছয় বছর কাজ করেছেন ভারতীয় শ্রীনিবাসন চন্দ্রশেখর, যিনি ২০২৩ সালে দায়িত্ব ছাড়েন। এরপর কিছুদিনের জন্য দায়িত্বে ছিলেন পাকিস্তানের মহসিন শেখ, যার সঙ্গে চুক্তি বাতিল করা হয় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। সর্বশেষ এই দায়িত্ব সামলাচ্ছিলেন দেশীয় বিশ্লেষক শাওন জাহান।
বর্তমানে সিলেটে অনুশীলনরত বাংলাদেশ দল ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মিশনে উড়াল দেবে টাইগাররা। গুরুত্বপূর্ণ এই দুই সিরিজে অক্ষয়ের পারফরম্যান্স বিশ্লেষণ দলের পরিকল্পনায় বড় ভূমিকা রাখতে পারে।


