৩ কোটি টাকায় ‘ইতিহাস’: ব্র্যাডম্যানের ক্যাপ কিনে আলোচনায় অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ৭৮ বছর পুরনো একটি ব্যাগি গ্রিন ক্যাপ কিনেছে দেশটির জাতীয় জাদুঘর। মূল্য ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার—বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ। এ ঐতিহাসিক সামগ্রী কিনতে জাদুঘরের পাশে ছিল ফেডারেল সরকারও, যা এই উদ্যোগকে আরও গুরুত্ববহ করে তোলে।
কিন্তু প্রশ্ন হলো, একটি পুরনো ক্যাপের এত মূল্য কেন? শুধু ক্রিকেট ভালোবাসা, নাকি জাতীয় পরিচয়ের এক টুকরো ইতিহাস?
ডোনাল্ড ব্র্যাডম্যান এই ক্যাপটি পরেছিলেন ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে, যেখানে তিনি ছিলেন অধিনায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রথম সিরিজটি ছিল কেবল একটি ক্রিকেট লড়াই নয়, বরং যুদ্ধ-বিধ্বস্ত অস্ট্রেলিয়ানদের জন্য আশার প্রতীক।
সেই সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল, আর বাকি দুই টেস্ট ড্র হয়েছিল। এই জয় কেবল মাঠের হিসেব নয়, বরং এক জাতির পুনর্জাগরণের প্রতিচ্ছবি।
ক্যাপটি বর্তমানে রাখা হয়েছে ক্যানবেরার জাতীয় জাদুঘরের নতুন ল্যান্ডমার্কস গ্যালারিতে, যেখানে অস্ট্রেলিয়ার ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্তগুলো প্রদর্শিত হয়।
জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, “এই ক্যাপ কেবল ব্র্যাডম্যানের ব্যক্তিত্ব নয়, বরং সেই সময়টাকে প্রতিনিধিত্ব করে—যখন খেলাধুলা ছিল মানুষের মনোবল রক্ষার এক মাধ্যম।”
বিশ্বজুড়ে ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ আছে মাত্র ১১টি। তার মধ্যে একটি রয়েছে মেলবোর্নে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে। এই নতুন সংগ্রহটি দ্বিতীয় যেটি সবার জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হবে। বাকি ৯টির অবস্থান গোপন বা ব্যক্তিগত মালিকানায় রয়েছে।
যদিও বেশিরভাগ অস্ট্রেলিয়ানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, কিছু সমালোচক প্রশ্ন তুলেছেন, “একটি টুপি কিনতে সরকারের অর্থ কেন?” তবে শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, “এটি শুধু একটি টুপি নয়—এটি আমাদের জাতীয় পরিচয়ের অংশ, যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।”


