নতুন পরিচয়ে রস টেলর! ৪১ বছর বয়সে সামোয়ার হয়ে মাঠে নামছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর ৪১ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন নতুন দেশের জার্সিতে। এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে সামোয়ার হয়ে খেলবেন তিনি। এই টুর্নামেন্টটি ওমানে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সামোয়ার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রস টেলরের নাম চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়। দলের অধিনায়ক হিসেবে আছেন ক্যালেব জাসমাত।
টেলরের মাতৃসূত্রে সামোয়ার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“মায়ের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য দারুণ সম্মানের। এটা শুধু ক্রিকেট খেলা নয়, বরং নিজ শিকড়ে ফিরে যাওয়ার মতো।”
তিনি আরও যোগ করেন,
“পলিনেশিয়ান কমিউনিটিকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছা সবসময় ছিল। ভাবিনি খেলোয়াড় হিসেবেই সেটা সম্ভব হবে। কিন্তু সুযোগ যখন এসেছে, পুরো হৃদয় দিয়ে সামোয়ার হয়ে খেলব।”
টেলর জানালেন, এই প্রথমবারের মতো সামোয়ার পুরুষ দল বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে। দলে রয়েছেন বেশ কয়েকজন সামোয়ান বংশোদ্ভূত ক্রিকেটার, যাদের এই টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ মিলছে।
সামোয়া দলে টেলর ছাড়াও আছেন অভিজ্ঞ ব্যাটার শন সোলিয়া ও আগ্রাসী ব্যাটার ডেরিয়াস ভিসার। ভিসার ২০২৪ সালে এক ওভারে ৩৯ রান করে ক্রিকেট বিশ্বে নজর কাড়েন।


