কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ ম্যাচ গোলশূন্য ড্র, সমানে সমান লড়াই

খেলাধুলা
কাঠমান্ডুতে নেপাল-বাংলাদেশ ম্যাচ গোলশূন্য ড্র, সমানে সমান লড়াই
নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫

সমানে সমান লড়াই, কিন্তু জয় অধরাই রইল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ নেপালও জালের দেখা পায়নি।

দুই দলের গোলের উদ্দেশ্যে শট নেওয়ার সংখ্যাও ছিল প্রায় সমান। তবে ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোল আসেনি কারো কাছ থেকেই।

রোদ-বৃষ্টির পালাবদলে দশরথ স্টেডিয়ামের মাঠ ছিল কাদাময় ও ভারী। ম্যাচ শুরুর আগেই মাঠ নিয়ে ছিল সমালোচনা। খেলার সময়ও দুই দলের ফুটবলারদের স্বাভাবিক গতি ও ছন্দে খেলতে দেখা যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ করে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নেওয়া ও দ্রুত পাস বিনিময়ে ছিল সমস্যা। ফলে আক্রমণ সাজাতে ভুগেছে উভয় দলই।

বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা এই ম্যাচে ছিলেন না। তার জায়গায় অভিষেক হয়েছে তরুণ গোলরক্ষক সুজন হোসেনের। যদিও খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি তাকে। নেপালের আক্রমণ ছিল কিছুটা ছন্দহীন ও সীমিত।

পুরো ম্যাচে বল পজিশনে দুই দলই প্রায় সমান। তবে গোলের সামনে গিয়ে কার্যকর ফুটবল খেলতে পারেনি কেউই। আক্রমণভাগে গতি ও সিদ্ধান্তহীনতা চোখে লেগেছে বাংলাদেশেরও। বেশ কিছু সম্ভাবনাময় আক্রমণ শেষ পর্যন্ত পরিণতি পায়নি।