বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা, যেদিন হবে নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শুরু হচ্ছে নির্বাচন উত্তাপ। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পরিচালনা পরিষদের নির্বাচন, আর তার আগেই ভোটযুদ্ধে নামার ঘোষণা দিয়েছে দেশের বেশ কয়েকজন হেভিওয়েট ক্রিকেট ব্যক্তিত্ব।
নতুন নেতৃত্বে আসতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ। ফলে এবারের নির্বাচন হয়ে উঠতে যাচ্ছে ত্রিমুখী শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল :
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ১৭১ জন কাউন্সিলর ভোট দিতে পারবেন এবারের নির্বাচনে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ৭৬ জনই ঢাকার ক্লাব পর্যায় থেকে। বাকি কাউন্সিলররা বিভাগীয় ও আঞ্চলিক প্রতিনিধিত্ব থেকে আসবেন।
পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ১২ জন নির্বাচিত হন ক্লাব ক্রিকেটের মাধ্যমে, আর ১০ জন আসেন বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটেই ঠিক হবে পরবর্তী বিসিবি সভাপতি।
নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হলো— তামিম ইকবালের সরাসরি অংশগ্রহণ। জাতীয় দলের সদ্যবিদায়ী ওপেনার এখন বিসিবির প্রশাসনে ভূমিকা রাখতে আগ্রহী।
বিগত কয়েক বছর ধরে বিসিবির কর্মকাণ্ড নিয়ে চলছে নানা বিতর্ক— নির্বাচক প্যানেলের গঠন, কোচিং স্টাফ নিয়ে সিদ্ধান্ত, জাতীয় দল নির্বাচনে স্বচ্ছতা ও তরুণ ক্রিকেটারদের উপেক্ষা।
নতুন নেতৃত্ব এই সংকটগুলোতে কেমন পরিবর্তন আনবে, সেটিই এখন ক্রিকেটপিপাসু জনগণের মূল প্রশ্ন।


