বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক: প্রভাবের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলছেন বুলবুল

খেলাধুলা
বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক: প্রভাবের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলছেন বুলবুল
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৬ অক্টোবর)। তবে নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক ও অভিযোগের ঝড়। বিশেষ করে কয়েকটি ঢাকাভিত্তিক ক্লাব অভিযোগ তুলেছে—নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ রয়েছে।

রোববার (৫ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিসিবি’র বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “আসিফ মাহমুদ একজন সম্মানিত ব্যক্তি। তিনি আমাকে বরাবরই সহযোগিতা করেছেন। আমি কোনো প্রকার প্রভাব বা চাপ অনুভব করিনি। বরং, নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে তার তৎপরতা ছিল প্রশংসনীয়।”

শনিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন পেছানোর দাবি জানায় ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস। এরপর রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি স্মারকলিপিও জমা দেয় তারা। এতে উল্লেখ করা হয়, নির্বাচনে ‘ক্রীড়া উপদেষ্টার সরাসরি প্রভাব’ সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, “নির্বাচন যেন নিরপেক্ষ না হয়ে নির্ধারিত পক্ষের অনুকূলে না চলে যায়, সেই আশঙ্কা থেকেই আমাদের দাবি।”

তবে সব অভিযোগকে গুজব আখ্যা দিয়ে বুলবুল বলেন, “আমার ব্যক্তিগত কোনো লাভ নেই। আমি চাই ক্রিকেটের উন্নয়ন হোক, স্বচ্ছ নির্বাচন হোক। কেউ যদি মনে করেন আমি উপযুক্ত নই, আমি এক মুহূর্ত দেরি করবো না সরে যেতে।”

তিনি আরও যোগ করেন, “আমি এখানে দায়িত্ব পালন করছি দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে, ব্যক্তিগত এজেন্ডা নিয়ে নয়।”

আগামীকাল (৬ অক্টোবর) বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে পরবর্তী বোর্ডের নেতৃত্ব। একদিকে অভিযোগ আর অন্যদিকে আত্মবিশ্বাস—সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ পদে উত্তেজনার শেষ নেই।

বিশেষজ্ঞদের মতে, আগামী বোর্ডের ভূমিকা আগামী ৪ বছরের ক্রিকেট নীতিকে অনেকাংশে নির্ধারণ করবে। তাই স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করেই বিসিবির নেতৃত্ব গঠনের আহ্বান জানাচ্ছেন ক্রিকেট-সংশ্লিষ্টরা।