ঢাকায় পা রেখেছেন হামজা চৌধুরী
এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার জন্য প্রায় শেষ সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই মহাগুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গে যোগ দিলেন সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। ভক্ত-সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার সকাল ১১টা ৫ মিনিটে লন্ডন থেকে সিলেট হয়ে তিনি রাজধানী ঢাকায় এসে পৌঁছেছেন। অল্প বিশ্রাম নিয়ে বিকেলেই তারকা এই ফুটবলার অনুশীলনে নামবেন।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হংকং ম্যাচের জন্য প্রাথমিক ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে ডেকেছিলেন। তবে ম্যাচের আগে দল বড়সড় ধাক্কা খেয়েছে। ইনজুরির কারণে ইতোমধ্যেই ছিটকে গেছেন দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—ইব্রাহিম এবং সুমন রেজা। হামজার আগমনে বর্তমানে ক্যাম্পে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন।
দলের আরেকজন প্রবাসী ফুটবলার, শামিত সোমের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন। তিনি আসবেন আগামীকাল (মঙ্গলবার) রাত ৮টা ৫ মিনিটে কানাডা থেকে ঢাকায় পৌঁছাবেন। এর ফলে, ৯ অক্টোবরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শামিত দলের সঙ্গে মাত্র একটি অনুশীলন সেশন হাতে পাবেন। এত কম সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়ে মাঠে নামা তার জন্য বিশাল পরীক্ষা হবে।
বাংলাদেশের জন্য হংকংয়ের বিপক্ষে এই ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায় এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পথ কঠিন থেকে কঠিনতর হয়েছে। ঘরের মাঠে যে তিনটি ম্যাচের ওপর বাংলাদেশের আশা ছিল, সেই তিন ম্যাচের প্রথমটিতেই পরাজয় হতাশা এনেছে। বাকি দুই ম্যাচের প্রথমটি হংকংয়ের বিপক্ষে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বাছাইপর্বে বাংলাদেশ ইতোমধ্যে দুই ম্যাচে ৫ পয়েন্ট হারানোয় আক্ষরিক অর্থে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। তবে কাগজ-কলমে যে ক্ষীণ সম্ভাবনা টিকে আছে, তা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। শেষ মুহূর্তে তারকারা যোগ দেওয়ায় দলের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।


