তামিম ইকবালের বিস্ফোরণ: ‘নির্বাচন করলে আমিই জিততাম, এটা নির্বাচন না, হাস্যকর!’

খেলাধুলা
তামিম ইকবালের বিস্ফোরণ: ‘নির্বাচন করলে আমিই জিততাম, এটা নির্বাচন না, হাস্যকর!’
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে চলমান বিতর্ক এবার চূড়ান্ত রূপ নিল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বুধবার এক সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত নির্বাচনকে ‘স্বচ্ছতার ঘাটতি’ ও ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন বিসিবি নির্বাচন বর্জনের প্রতিবাদে ঢাকার লিগসহ দেশজুড়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের সব ক্রিকেটীয় কার্যক্রম বর্জন করার ঘোষণা দিয়েছে।

নির্বাচনে অংশ নিলে তাঁর জয় সুনিশ্চিত ছিল উল্লেখ করে তামিম ইকবাল বলেন, প্রতিদ্বন্দ্বী যেই থাকুক না কেন, তাঁর নির্বাচিত হওয়া নিয়ে কোনো সংশয় ছিল না। মূলত স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার দাবিতেই তিনিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টার ‘ধৈর্য’ সংক্রান্ত পোস্টের জবাবে তামিম বলেন, “আমার জন্য বাস ধরা বা না ধরা কখনো বিকল্প ছিল না। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল একটা স্বচ্ছ নির্বাচন হওয়া। এটাই ছিল আমার স্ট্যান্ড।” তিনি আত্মবিশ্বাসের সঙ্গে যোগ করেন, “আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম… আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচন পদ্ধতির দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলে তামিম ই-ভোটিং প্রক্রিয়াকে একহাত নেন। তিনি বলেন, ভোটদাতারা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে উপস্থিতই থাকেন, তাহলে ই-ভোটিংয়ের দরকার কী? এতে স্বচ্ছতার ঘাটতি তৈরি হচ্ছে।

নির্বাচনে অংশ না নেওয়া ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন ঢাকার প্রিমিয়ার লিগসহ সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এই বর্জনের ফলে দেশের ক্রিকেটারদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কার বিষয়ে তামিম ইকবাল দায় চাপান নবনির্বাচিত বোর্ড কর্তৃপক্ষের ওপর। তিনি বলেন, “এটা যারা নির্বাচন করেছে, তাদের চিন্তা করা উচিত ছিল।”

এই বর্জনের ঘোষণার ফলে ঘরোয়া ক্রিকেট কার্যত বন্ধ হয়ে গেল। ফলে বোর্ডের নতুন কমিটির প্রথম দিনেই দেশের ক্রিকেট এক কঠিন অচলাবস্থার মুখে পড়ল।