নির্বাচন-বিশ্বকাপের ফাঁকে বিপিএল: ৫ দল নিয়েই আসর, বাড়ছে নতুন ভেন্যু

খেলাধুলা
নির্বাচন-বিশ্বকাপের ফাঁকে বিপিএল: ৫ দল নিয়েই আসর, বাড়ছে নতুন ভেন্যু
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

সময়স্বল্পতা ও মান নিয়ে সমালোচনার মুখে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামী ডিসেম্বর-জানুয়ারির এক মাসের উইন্ডোতেই মাঠে গড়াচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচনের ফাঁকে সময় মেলায় এবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি মাত্র পাঁচ দল নিয়ে আয়োজনে মনোযোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু নিশ্চিত করেছেন, ফ্র্যাঞ্চাইজি পরিবর্তনজনিত হতাশা কাটাতে এবার চুক্তির মেয়াদ পাঁচ বছর করা হচ্ছে। ১২ অক্টোবর ফ্র্যাঞ্চাইজি চেয়ে আগ্রহপত্র প্রকাশ করবে বিসিবি, যেখানে ১০টি অঞ্চলের নাম থাকলেও শেষ পর্যন্ত পাঁচটি দলকে মালিকানা নিতে হবে।

গত কয়েকটি আসরে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির (যেমন: ঢাকা ডমিনেটর্স, দুর্বার রাজশাহী) দুর্বল পারফরম্যান্স ও অব্যবস্থাপনার কারণে টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন ওঠে। খোদ তামিম ইকবালও দল কমানোর পরামর্শ দিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার ৫ দলের টুর্নামেন্টে আগ্রহী বিসিবি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“এ বছর যেহেতু অল্প সময়, এজন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই। এক মাসের উইন্ডোতে ৫ দল নিয়ে করতে আগ্রহী। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ৫টা দল।”— ইফতেখার রহমান মিঠু

টুর্নামেন্টের ব্যাপ্তি বাড়াতে এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে চতুর্থ একটি ভেন্যু যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ বিপিএল গভর্নিং কাউন্সিল রাজশাহী ভেন্যু পরিদর্শনে যাচ্ছে। এরপরেই বরিশাল পরিদর্শন করা হবে এবং যেকোনো একটি ভেন্যু চূড়ান্ত করা হবে।

এদিকে, তারকাবহুল দল গড়া ফরচুন বরিশাল এবার দল না নিতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। ইফতেখার মিঠু ফরচুন বরিশালকে অনুরোধ জানিয়েছেন, তাদের মতো ভালো ম্যানেজমেন্টের দল যেন ফিরে আসে।