বিপিএল আয়োজনের পথে রাজশাহী, এক মাসে প্রস্তুত করতে চায় বিসিবি

খেলাধুলা
বিপিএল আয়োজনের পথে রাজশাহী, এক মাসে প্রস্তুত করতে চায় বিসিবি
নিউজ ডেস্ক
১২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামকে প্রস্তুত করতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সকালেই স্টেডিয়ামের অবকাঠামো ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন বোর্ডের তিন শীর্ষ কর্মকর্তা।

বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং সাবেক অধিনায়ক ও পরিচালক খালেদ মাসুদ পাইলট এই পরিদর্শনে অংশ নেন। তারা জানান,

“বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টেডিয়ামটির ৭০ শতাংশ সক্ষমতা রয়েছে। বাকি কাজ এক মাসের মধ্যেই শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন বোর্ডে উপস্থাপন করা হবে, যা পরবর্তী সমন্বয় সভায় পর্যালোচনা করে সংস্কার ব্যয় ও সময়সূচি চূড়ান্ত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (NSC)।

বিসিবির প্রাথমিক মূল্যায়নে যেসব অবকাঠামো উন্নয়নের প্রয়োজন রয়েছে ১২০ সিটের প্রেস গ্যালারি,ধারাভাষ্যকার বক্স, স্কোর রুম, স্টুডিও,দুটি রেডিও রুম, ডাউনলিংক ও ব্রডকাস্ট পিসিআর রুম,জায়ান্ট স্ক্রিন ও আধুনিক লাইটিং,গ্যালারির মোবাইল ও স্থায়ী টয়লেট সংস্কার,সার্কুলার রোড উন্নয়ন,প্যাভিলিয়নের নিচে নতুন ড্রেসিং রুম,ফ্লাডলাইট সংস্কার ও রংয়ের কাজ।

সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেলে, আবারও এই অঞ্চলে বিপিএল আয়োজনের আলোচনা জোরালো হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে পরিদর্শনে আসেন বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পূর্ববর্তী সফরেও রাজশাহীর মনোমুগ্ধকর আউটফিল্ড ও আবহাওয়া প্রশংসিত হয়েছিল।

প্রসঙ্গত, রাজশাহীতে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রস্তাব বিসিবি গত এক দশকে অন্তত নয়বার পরিদর্শন ও পরিকল্পনা পর্যন্ত এনেছে, তবে তা কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকেছে।

তবে এবার নতুন কমিটির অধীনে বিষয়টি বাস্তব রূপ পেতে পারে বলে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটভক্তরা আশাবাদী।

পরিদর্শনকালে বিসিবি প্রতিনিধিরা খেলোয়াড়দের আবাসন, অনুশীলন মাঠ ও হোটেল সুবিধাও পর্যালোচনা করেন। আন্তর্জাতিক ও ঘরোয়া বড় টুর্নামেন্ট আয়োজনে এসব উপাদান গুরুত্বপূর্ণ বিবেচনায় নেয়া হচ্ছে।