মেসির নামে টুর্নামেন্ট, অংশ নেবে বার্সা, সিটি, চেলসিও
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে বড়সড় এক আন্তর্জাতিক আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। ডিসেম্বর মাসে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেসি কাপ’—যুব ফুটবল কেন্দ্রিক এই নতুন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় ৮টি ফুটবল ক্লাব।
আন্তর্জাতিক ফুটবলের বিখ্যাত ক্লাবগুলো যেমন—বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, চেলসি, অ্যাতলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, রিভার প্লেট এবং স্বাগতিক ইন্টার মায়ামি অংশ নিচ্ছে ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টে।
‘মেসি কাপ’-এ মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো আয়োজিত হবে ইন্টার মায়ামির দুই ভেন্যুতে—চেজ স্টেডিয়াম এবং ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টার। আট দলকে ভাগ করা হবে দুটি গ্রুপে। প্রথম তিন দিন চলবে রাউন্ড-রবিন ম্যাচ, এরপর হবে প্লে-অফ এবং ফাইনাল পর্ব। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে শেষ দিনে, চেজ স্টেডিয়ামে।
টুর্নামেন্ট ঘোষণার সময় ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় লিওনেল মেসি বলেন:
“অবশেষে তোমাদের সঙ্গে এটি ভাগাভাগি করতে পারছি। এই ডিসেম্বর মায়ামিতে অনুষ্ঠিত হবে এক বিশেষ যুব ফুটবল টুর্নামেন্ট। ভবিষ্যতের ফুটবলাররা এখানে নিজেদের মেলে ধরবে। এটি শুধুই খেলা নয়, এটি পরবর্তী প্রজন্মের ব্যাপার। আশা করি, তোমরা ভালোবাসবে—এই হলো ‘মেসি কাপ’।”
‘মেসি কাপ’ শুধুই মাঠের খেলা নয়—সংস্কৃতি, ক্রীড়া ও উদ্ভাবনের মেলবন্ধন ঘটাতে যাচ্ছে এই আয়োজন।
ফায়না ফোরাম-এ অনুষ্ঠিত হবে স্পোর্টস, সংস্কৃতি ও ব্যবসা জগতের তারকাদের অংশগ্রহণে একটি সম্মেলন।“Pao by Paul Qui”-তে আয়োজন করা হবে জমকালো মেসি কাপ সামিট পার্টি।


