ফুটবল নয়, অর্থেরও রাজা রোনালদো, ইতিহাস গড়লেন ইয়ামাল – ফোর্বসের চোখে শীর্ষ ১০ ফুটবলার

খেলাধুলা
ফুটবল নয়, অর্থেরও রাজা রোনালদো, ইতিহাস গড়লেন ইয়ামাল – ফোর্বসের চোখে শীর্ষ ১০ ফুটবলার
নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫

বিশ্বফুটবলের আর্থিক রাজত্বে আবারও শীর্ষে বসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে খেলা এই পর্তুগিজ মহাতারকা ফোর্বস ম্যাগাজিনের ২০২৫-২৬ মৌসুমের সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন সবার ওপরে। এদিকে মাত্র ১৮ বছর বয়সেই এই মর্যাদার তালিকায় প্রবেশ করে নজর কাড়লেন বার্সার বিস্ময় বালক লামিনে ইয়ামাল।

চলতি মৌসুমে মোট আয় ২৮০ মিলিয়ন ডলার রোনালদোর। এর মধ্যে ক্লাব থেকে বেতন ও বোনাস বাবদ আসছে ২৩০ মিলিয়ন ডলার, আর বাকি ৫০ মিলিয়ন তিনি কামাচ্ছেন ব্র্যান্ড চুক্তি, বিজ্ঞাপন এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।

এ নিয়ে গত এক দশকে ষষ্ঠবারের মতো ফোর্বসের তালিকার শীর্ষে উঠলেন ৪০ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ বিলিয়ন, যা তাকে বানিয়েছে সবচেয়ে প্রভাবশালী অ্যাথলেটদের একজন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি—যার মোট আয় ১৩০ মিলিয়ন ডলার। যদিও মাঠের পারিশ্রমিকে রোনালদোর তুলনায় অনেক কম (৬০ মিলিয়ন), তবে মাঠের বাইরের আয়েই তিনি এগিয়ে আছেন (৭০ মিলিয়ন)।

সৌদি প্রো লিগ থেকে আরও দুই তারকা—করিম বেনজেমা (৩য়, ১০৪ মিলিয়ন) এবং সাদিও মানে (৮ম, ৫৪ মিলিয়ন)—তালিকায় উঠে এসেছেন।

মাত্র ১৮ বছর বয়সে শীর্ষ আয়কারীদের তালিকায় জায়গা করে নিয়েছেন লামিনে ইয়ামাল, যিনি এবারই প্রথম তালিকায় জায়গা পেলেন। তার আয় ৪৩ মিলিয়ন ডলার, যার মধ্যে মাঠের আয় ৩৩ মিলিয়ন এবং মাঠের বাইরের আয় ১০ মিলিয়ন।

ফোর্বসের ইতিহাসে এত কম বয়সে তালিকায় জায়গা পাওয়া তিনিই প্রথম ফুটবলার। বার্সেলোনার সঙ্গে ১০ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি এবং ‘১০ নম্বর’ জার্সি পরে তিনি মেসির উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন।

২০২৫ সালের তালিকায় সর্বোচ্চ ১০ ফুটবলারের মোট আয় ৯৪৫ মিলিয়ন ডলার, যা গত বছরের (৯৮৩ মিলিয়ন) তুলনায় প্রায় ৪% কম।

অবাক করা বিষয়, নেইমার এবার তালিকার বাইরে, কারণ তিনি আল হিলাল ছেড়ে ব্রাজিলের সান্তোসে ফিরেছেন, যেখান থেকে তার আর্থিক আয় অনেকটাই কমেছে।

ফোর্বসের ২০২৫ সালের শীর্ষ ১০ উচ্চ আয়কারী ফুটবলারদের তালিকা

১. ক্রিশ্চিয়ানো রোনালদো – $২৮০ মিলিয়ন (মাঠে: $২৩০ মিলিয়ন, মাঠের বাইরে: $৫০ মিলিয়ন)
২. লিওনেল মেসি – $১৩০ মিলিয়ন (মাঠে: $৬০ মিলিয়ন, মাঠের বাইরে: $৭০ মিলিয়ন)
৩. করিম বেনজেমা – $১০৪ মিলিয়ন (মাঠে: $১০০ মিলিয়ন, মাঠের বাইরে: $৪ মিলিয়ন)
৪. কিলিয়ান এমবাপে – $৯৫ মিলিয়ন (মাঠে: $৭০ মিলিয়ন, মাঠের বাইরে: $২৫ মিলিয়ন)
৫. আরলিং হাল্যান্ড – $৮০ মিলিয়ন (মাঠে: $৬০ মিলিয়ন, মাঠের বাইরে: $২০ মিলিয়ন)
৬. ভিনিসিয়ুস জুনিয়র – $৬০ মিলিয়ন (মাঠে: $৪০ মিলিয়ন, মাঠের বাইরে: $২০ মিলিয়ন)
৭. মোহাম্মদ সালাহ – $৫৫ মিলিয়ন (মাঠে: $৩৫ মিলিয়ন, মাঠের বাইরে: $২০ মিলিয়ন)
৮. সাদিও মানে – $৫৪ মিলিয়ন (মাঠে: $৫০ মিলিয়ন, মাঠের বাইরে: $৪ মিলিয়ন)
৯. জুদ বেলিংহাম – $৪৪ মিলিয়ন (মাঠে: $২৯ মিলিয়ন, মাঠের বাইরে: $১৫ মিলিয়ন)
১০. লামিনে ইয়ামাল – $৪৩ মিলিয়ন (মাঠে: $৩৩ মিলিয়ন, মাঠের বাইরে: $১০ মিলিয়ন)

এবারের তালিকা আরও একবার প্রমাণ করলো—শুধু মাঠের পারফরম্যান্স নয়, ব্র্যান্ড ভ্যালু, সামাজিক মাধ্যমের উপস্থিতি ও স্পনসরশিপ ফুটবলারদের আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

রোনালদো-মেসি-এমবাপ্পেদের রাজত্ব চলছেই, তবে ইয়ামালের মতো নতুন মুখ ভবিষ্যতের সূর্য হয়ে উঠছে ধীরে ধীরে।