বাংলাদেশের দাপুটে জয়, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ নিজের করে নিলো মিরাজ বাহিনী

খেলাধুলা
বাংলাদেশের দাপুটে জয়, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ নিজের করে নিলো মিরাজ বাহিনী
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫

নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় পেলো বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

প্রথমে ব্যাট করে সৌম্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ওপেনিং জুটিতে ২৯৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। এরপর স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ২৫.২ ওভারে ১৭৬ রানের জুটি গড়ে তারা গড়েন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
সৌম্য ৮৬ বলে ৯১ (৭ চার, ৪ ছক্কা) এবং সাইফ ৭২ বলে ৮০ (৬ চার, ৬ ছক্কা) রান করে ফেরেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে দুই ওপেনারের বিদায়ের পর মধ্য ও নিচের সারির ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তাওহিদ হৃদয় ২৮, শান্ত ৪৪, মিরাজ ১৭ ও সোহান ১৬ রানে দলের সংগ্রহ থামে ৮ উইকেটে ২৯৬ রানে।

বল হাতে দুর্দান্ত ছিলেন স্পিনাররা।
নাসুম আহমেদ ৩ উইকেট নেন মাত্র ১১ রানে, রিশাদ হোসেন নেন ৩টি, মিরাজ ও তানভীর ইসলাম পান ২টি করে উইকেট।

ক্যারিবীয়দের ইনিংসে কেবল আকিল হোসেন ১৫ বলে ২৭ রানের ছোট ঝড় তোলেন, বাকিরা ছিলেন নাসুম–রিশাদদের ঘূর্ণিতে বিপর্যস্ত।

এই জয়ের মধ্য দিয়ে ২–১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম জয়—১৭৯ রানের ব্যবধানে।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন,

“এই সিরিজ জয়টা খুব দরকার ছিল। তরুণদের পারফরম্যান্সে আমি গর্বিত।”