আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা, দলে নতুন চমক জাকের আলী
আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে দুই ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার ঘোষিত ১৪ সদস্যের এই দলে জোর দেওয়া হয়েছে পেস আক্রমণে, যেখানে চারজন ফাস্ট বোলারকে জায়গা দেওয়া হয়েছে।
দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। তাদের সঙ্গে আছেন তরুণ নাহিদ রানা এবং হাসান মাহমুদ। স্পিন বিভাগে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের পাশাপাশি জায়গা পেয়েছেন নতুন মুখ হাসান মুরাদ।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছন্দহীন থাকলেও টেস্টে আবার সুযোগ পেয়েছেন ব্যাটার জাকের আলী। অন্যদিকে, ‘এ’ দলের দায়িত্বে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কনকে এই দলে রাখা হয়নি।
টপ অর্ডারে ইনফর্ম ব্যাটার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় থাকছেন দলের ওপেনিং জুটি হিসেবে। জয় সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না পেলেও নির্বাচকরা তার ওপর আস্থা রেখেছেন। বাদ পড়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এ টেস্ট দিয়েই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন।
মুশফিক এরই মধ্যে এনসিএলে সেঞ্চুরি করে প্রস্তুতি সেরে রেখেছেন, যা তার আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন নির্বাচকরা।
বাংলাদেশের টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।
প্রথম টেস্ট: ১১ নভেম্বর, সিলেট
দ্বিতীয় টেস্ট: ১৯ নভেম্বর, মিরপুর


