ফুটবল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে তোলপাড়, বিসিবিকে চিঠি দিল বাফুফে
ফুটবলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ফুটবলার, ক্রীড়াবিদ ও ফুটবলপ্রেমীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের একটি কনফারেন্স থেকে ফুটবল নিয়ে অবমাননাকর ও অপমানজনক মন্তব্য করা হয়েছে, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক।”
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “আমরা খেলাধুলাকে ঐক্যের প্রতীক হিসেবে দেখি। এমন মন্তব্য সেই মনোভাবের পরিপন্থী এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে।”
বাফুফে এই ঘটনায় বিসিবির আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে এবং ভবিষ্যতে এমন মন্তব্য যেন আর না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে।


