পাকিস্তানের গোলবন্যায় ডুবলো বাংলাদেশ, প্রথম ম্যাচে ৮–২ ব্যবধানে হার
মওলানা ভাসানী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গোলের বন্যায় ভাসল বাংলাদেশ। সাবেক বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন পাকিস্তান জিতেছে একতরফা লড়াইয়ে ৮-২ ব্যবধানে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পাকিস্তান। চতুর্থ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দলটির অধিনায়ক আহমেদ বাট গোল করে লিড এনে দেন। এরপরই দুর্ভাগ্যবশত বাংলাদেশের রোমান সরকারের মাথায় বল লেগে তাকে মাঠ ছাড়তে হয়।
প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে বাংলাদেশের হোজাইফা গোল করে সমতা ফিরিয়ে আনলে ম্যাচে ফেরার আশার আলো জাগে। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে টানা তিন গোল করে পাকিস্তান ম্যাচের দখল নেয় পুরোপুরি। তৃতীয় কোয়ার্টারে আরও দুটি এবং শেষ কোয়ার্টারে একটি গোল করে তারা জয় নিশ্চিত করে।
বাংলাদেশের হয়ে শেষ দিকে ৫৯ মিনিটে আমিরুল একটি গোল করে ব্যবধান কিছুটা কমান।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
উল্লেখ্য, ২০২৩ সালে দুই দলের শেষ সাক্ষাতে পাকিস্তান জয় পেয়েছিল ৫-২ গোলে। তিন বছর আগেও জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশের জালে ৮ গোল দিয়েছিল তারা। এবারও একই দৃশ্য দেখা গেল ঢাকায়।


