মুশফিকের ১০০তম টেস্টকে ঘিরে আবেগঘন বার্তা তামিম ইকবালের

খেলাধুলা
মুশফিকের ১০০তম টেস্টকে ঘিরে আবেগঘন বার্তা তামিম ইকবালের
নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেটের দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দীর্ঘদিন একসঙ্গে জাতীয় দলের দায়িত্ব সামলেছেন। এখন তামিম কার্যত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, আর মুশফিক সীমিত হয়ে গেছেন শুধুমাত্র টেস্ট ফরম্যাটে। ঠিক এমন সময়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক।

বুধবার মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই তিন অঙ্কের টেস্ট সংখ্যা স্পর্শ করবেন উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

সহযোদ্ধার এই বিশেষ অর্জনকে সামনে রেখে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—
“তোকে নিয়ে বলার আছে অনেক কিছু। সেই ছেলেবেলা থেকে বয়সভিত্তিক ক্রিকেট, জাতীয় দল, নানা পর্যায়ে একসঙ্গে খেলেছি। বহুবার রুমমেটও ছিলাম। সবকিছু কাছ থেকে দেখেছি এবং কোনো একদিন নিশ্চয়ই এসব নিয়ে বলব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মাইলফলককে ঘিরে মুশফিকের প্রাপ্যতা তুলে ধরে তামিম আরও লেখেন—
“বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে তোর চেয়ে বেশি কেউ ডিজার্ভ করে না। আশা করি ভবিষ্যতে আরও অনেকে এই তালিকায় নাম লেখাবে, তবে তুই প্রথম—এটা তোরই প্রাপ্য।”

মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট শুধু একটি সংখ্যা নয়—বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এক যুগেরও বেশি সময় ধরে ব্যাট হাতে ও উইকেটের পেছনে দেশের জন্য অসংখ্য লড়াই করা এই ক্রিকেটারকে অভিনন্দন জানাচ্ছেন সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেটবিশেষজ্ঞরা।