টি২০ বিশ্বকাপ ২০২৬: ভারতের গ্রুপে পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?
আগামী বছর ভারতের সঙ্গে যৌথভাবে শ্রীলঙ্কা আয়োজন করতে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র ২৫ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তবে ইতিমধ্যেই ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ সম্ভাব্য গ্রুপের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকছে। এছাড়া বাংলাদেশও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। এতে অংশ নেবে মোট ২০টি দল, যা ৪টি গ্রুপে ভাগ হবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি দল এবং প্রতিটি গ্রুপ থেকে দুইটি দল খেলবে সুপার-এইটে। সেখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনালে এবং সেমিফাইনালের বিজয়ীরা মুখোমুখি হবে ফাইনালে।
টুর্নামেন্টের র্যাঙ্কিংয়ে এক নম্বর ভারত অপেক্ষাকৃত সহজ গ্রুপ পাবে। ভারতের গ্রুপে থাকছে পাকিস্তান (৭), নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) ও যুক্তরাষ্ট্র (১৮)। যদিও পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে ভারতকে কিছুটা সতর্ক থাকতে হতে পারে।
শ্রীলঙ্কা আয়োজক দলের গ্রুপে থাকবে অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) ও ওমান (২০)। শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে তিনটি টেস্ট-খেলুড়ে দল থাকায় এটি শক্তিশালী গ্রুপ হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া ইংল্যান্ড (৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৬) একই গ্রুপে থাকছে, যেখানে বাংলাদেশ (৯) ও নেপাল (১৭) ও ইতালি (২৮) অন্তর্ভুক্ত। এই গ্রুপে বাংলাদেশ উপমহাদেশীয় কন্ডিশনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হবে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকা (৫), নিউজিল্যান্ড (৪) ও আফগানিস্তান (১০) একই গ্রুপে থাকছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮) রয়েছে।
ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তবে ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে সরানো হতে পারে। সম্ভাব্য সেমিফাইনাল ভেন্যু হিসেবে রাখা হয়েছে মুম্বাই, কলকাতা ও কলম্বো।


