বিকেলে বিপিএলের নিলাম শুরু, দেখবেন যেভাবে
প্রায় ১২ বছর পর আবারও নিলামের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলোয়াড় নির্বাচন। বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে দেশি-বিদেশি মোট ৪১৫ ক্রিকেটারের তালিকা থেকে ন্যূনতম ৮৪ জন খেলোয়াড় দল পাবেন। ছয়টি ফ্র্যাঞ্চাইজি পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে আজ মুখোমুখি হবে প্রতিযোগিতায়।
রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে নিলাম অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
নিলামের আগেই দুটি করে মোট ২৩ জন ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। নিলামে অংশ নিয়ে প্রতিটি দলকে কমপক্ষে ১২ থেকে সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে। বিদেশিদের ক্ষেত্রে সর্বনিম্ন দু’জন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সর্বোচ্চ সংখ্যায় কোনো সীমা নেই, তবে খরচ নির্ধারিত বাজেটের মধ্যেই হতে হবে।
নিলামে ৬ ক্যাটাগরির পৃথক ভিত্তিমূল্য অনুযায়ী দেশি-বিদেশি খেলোয়াড়দের নাম ডাকা হবে। কোনো খেলোয়াড়কে একাধিক দল চাইলে শুরু হবে বিডিং। দেশি ক্রিকেটারদের মূল্য বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে নির্ধারিত হবে। সব ফ্র্যাঞ্চাইজিকে খরচের মোট সীমা বেঁধে দিচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
প্রতিটি দল রিজার্ভসহ ২২ সদস্যের স্কোয়াড গঠন করতে পারবে। স্থানীয় খেলোয়াড় কেনার জন্য সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিদেশি খেলোয়াড়দের জন্য বাজেট ধরা হয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। সরাসরি চুক্তিতে নেওয়া স্থানীয় খেলোয়াড়দের খরচ এই সীমার বাইরে ধরা হবে, তবে বিদেশিদের ক্ষেত্রে এ খরচ দলগুলোকে ঘোষণা করতে হবে।
বিসিবির প্রকাশিত তালিকায় স্থানীয় ১৫৮ এবং বিদেশি ২৫৭ জনসহ মোট ৪১৫ ক্রিকেটার রয়েছে। স্থানীয় ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, আর বিদেশি ‘এ’ ক্যাটাগরির মূল্য ৩৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে প্রতিটি ডাকে বাড়বে দেশিদের সর্বোচ্চ ৫ লাখ ও বিদেশিদের সর্বোচ্চ ৫ হাজার ডলার।
দ্বাদশ আসরকে ঘিরে এবার নিলামে উত্তাপ বাড়তে পারে জানিয়ে প্রত্যাশা করছেন আয়োজকরা।


