চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, বাকিরা কে পেলেন কত টাকা?

খেলাধুলা
চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, বাকিরা কে পেলেন কত টাকা?
নিউজ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শেষ হলো শুক্রবার। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরেছে রাজশাহী ওয়ারিয়র্স।

টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলাম। বল হাতে দাপট দেখিয়ে তিনি ভেঙেছেন তাসকিন আহমেদের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড।

শিরোপা জয়ের পুরস্কার হিসেবে রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার-আপ চট্টগ্রাম রয়্যালসের প্রাপ্তি ১ কোটি ৭৫ লাখ টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফাইনালে সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রাজশাহীর ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের ইতিহাসে ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে শতক হাঁকিয়ে তিনি স্মারকের পাশাপাশি পেয়েছেন ৫ লাখ টাকা।

এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন শরিফুল ইসলাম। এই কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে আরও ১০ লাখ টাকা জিতে মোট ১৫ লাখ টাকা পুরস্কারমূল্য অর্জন করেন তিনি।

ফিল্ডিংয়েও নজর কাড়েন রংপুর রাইডার্স অধিনায়ক লিটন কুমার দাস। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সে তিনি সেরা ফিল্ডারের স্বীকৃতি পেয়েছেন। এ খাতে তার প্রাপ্তি ৩ লাখ টাকা।

এছাড়া উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল। ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি হিসেবে তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।

দ্বাদশ আসরের সমাপ্তির মধ্য দিয়ে আবারও দেশের ঘরোয়া ক্রিকেটে রোমাঞ্চ ছড়িয়ে দিল বিপিএল।