মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই, পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের

খেলাধুলা
মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই, পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্য বাংলাদেশের
নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৬

 

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। রোববার (১৫ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে। সিরিজে ১–১ সমতা থাকায় শেষ ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

প্রথম ম্যাচে পেসার নাহিদ রানার গতির ঝড়ে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় ও বৃষ্টির কারণে বড় হার দেখতে হয় বাংলাদেশকে। ওই ম্যাচে ১২৮ রানে হেরে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে ইতিহাসই আত্মবিশ্বাস জোগাচ্ছে স্বাগতিকদের। ২০১৫ সালের পরিসংখ্যান বলছে, দ্বিতীয় ম্যাচ হারের পরও অন্তত ছয়টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দ্বিতীয় ম্যাচে হারার পর শেষ ম্যাচ জিতে ট্রফি ঘরে তোলে টাইগাররা। মিরপুরের চেনা উইকেটে সেই ইতিহাসই পুনরাবৃত্তি করতে চায় দলটি।

আজকের ম্যাচটি কেবল সিরিজ জয়ের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হিসাবও। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে আরও ৩ রেটিং পয়েন্ট যোগ হয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠতে পারে টাইগাররা।

এছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লক্ষ্যেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। আগামী বছরের মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে পারলে কোয়ালিফায়ার ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতার বিষয়টি স্বীকার করেছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও স্পিন কোচ মুশতাক আহমেদ। ৩৪ ওভারে ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যাওয়াকে বড় হতাশা হিসেবে দেখছে দল।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে একাদশে কয়েকটি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। ওপেনিং কিংবা মিডল অর্ডারে ফিরতে পারেন সৌম্য সরকার। সে ক্ষেত্রে আফিফ হোসেনকে বেঞ্চে বসতে হতে পারে। পেস আক্রমণ শক্তিশালী করতে শরিফুল ইসলামকে ফেরানো হতে পারে একাদশে, আর তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।