আবারো মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট
দেশজুড়ে আবারও মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ আসর। এবারের টুর্নামেন্টে দেশের ৬৪ জেলা থেকে প্রায় ৩৫০টি স্কুলের সাড়ে আট হাজারের বেশি ক্রিকেটার অংশ নেবে। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬৫১টি।
আগামীকাল (১০ এপ্রিল) থেকে শুরু হবে জেলা পর্যায়ের খেলা। এরপর ধাপে ধাপে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে গড়াবে এই প্রতিযোগিতা।
বৃহস্পতিবার জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই আয়োজনের। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
স্কুল ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কুল পর্যায়ের এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে দেখা উচিত। ক্রিকেট বোর্ড ও প্রাইম ব্যাংক-কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের সহযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের ক্রিকেটাররা উন্নত সুযোগ পাচ্ছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে শান্ত জানান, অনূর্ধ্ব-১৭ পর্যায়ে স্কুল ক্রিকেট খেলতে গিয়ে বিদেশ সফরের সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সহায়তায় কেরালা সফরে অংশ নিয়ে সেরা খেলোয়াড় হওয়ার অভিজ্ঞতা তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্টকে যত আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করা যাবে, ততই তরুণ ক্রিকেটারদের আগ্রহ বাড়বে। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের প্রসঙ্গে শান্ত বলেন, বয়সভিত্তিক ক্রিকেটে খেলতে গিয়ে তারা সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম-দের দেখেই অনুপ্রাণিত হয়েছেন। যদিও সেই মানের ধারাবাহিকতা ধরে রাখতে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, তবে ধীরে ধীরে সেই শূন্যতা পূরণ হবে বলে বিশ্বাস তার।


