নির্বাচনে লড়ার ঘোষণা তামিম ইকবালের
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাড-হক কমিটির সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তিনি বহাল রেখেছেন এবং নির্বাচনের আগে পদত্যাগের কোনো পরিকল্পনা তার নেই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম বলেন, “গঠনতন্ত্র যা অনুমোদন দেবে, আমি সেটিই অনুসরণ করব। অ্যাড-হক কমিটি থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই।”

তিনি জানান, অ্যাড-হক কমিটির দায়িত্ব অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। এ বিষয়ে রোববার (৩ মে) বোর্ড সভায় নির্বাচনের তারিখসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেট কাঠামো নিয়েও কথা বলেন তামিম। তার মতে, বর্তমান ব্যবস্থায় দ্বিতীয় ও তৃতীয় স্তর থেকে জাতীয় দলে উঠে আসার সুযোগ সীমিত হয়ে গেছে, যা পরিবর্তন জরুরি।
এ সমস্যা সমাধানে “সেকেন্ড ইলেভেন” নামে একটি নতুন প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট চালুর পরিকল্পনার কথা জানান তিনি। এই টুর্নামেন্টে ১৫০ থেকে ২০০ জন নতুন ক্রিকেটার নিয়মিত খেলার সুযোগ পাবেন এবং ম্যাচগুলো তিন দিনের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
তামিম বলেন, নতুন ব্যবস্থায় পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের মূল্যায়ন সহজ হবে। কোনো খেলোয়াড় খারাপ করলে তাকে বাদ না দিয়ে সেকেন্ড ইলেভেনে পাঠিয়ে পুনরায় প্রস্তুতির সুযোগ দেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে, দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনবে এবং রাজধানীকেন্দ্রিকতা কমিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট বিস্তারে সহায়তা করবে।

