ছিটকে গেলেন মোস্তাফিজ, বদলি হিসেবে দলে খালেদ আহমেদ

খেলাধুলা
ছিটকে গেলেন মোস্তাফিজ, বদলি হিসেবে দলে খালেদ আহমেদ
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫

আসন্ন পাকিস্তান সিরিজে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার পরিবর্তে প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার খালেদ আহমেদ।

রবিবার (২৫ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় বোলিংয়ের এক ফলো-থ্রুতে ফিরে আসা বল ধরতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান মোস্তাফিজ। যদিও ম্যাচে বাকি দুই ওভার শেষ করেন, তবে পরে স্ক্যান করালে ধরা পড়ে ক্লিপ ফ্র্যাকচার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান,

“মোস্তাফিজুরের ইনজুরির ধরন অনুযায়ী তাকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর তার সুস্থতার অগ্রগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

মোস্তাফিজের অনুপস্থিতিতে স্কোয়াডে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ, যিনি বাংলাদেশের হয়ে এর আগে ১৬টি টেস্ট এবং ২টি ওয়ানডে খেলেছেন। তবে এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তার।

সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে নির্বাচকদের নজরে আসেন খালেদ। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তার টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, মোস্তাফিজের এই অনুপস্থিতি নতুনদের জন্য বড় সুযোগ। বিশেষ করে খালেদের মতো একজন টেস্ট স্পেশালিস্ট বোলারের টি-টোয়েন্টি অভিষেক হতে পারে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর। পাশাপাশি ফিজের চোট বাংলাদেশের বোলিং কম্বিনেশনে বড় প্রভাব ফেলতে পারে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরুর কথা রয়েছে আগামী সপ্তাহে। মোস্তাফিজ যদি পুরো সিরিজ মিস করেন, তবে জুনের শুরুতেও তার মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ।