ক্লাব বিশ্বকাপে মেসিদের হতাশা, আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করল ইন্টার মায়ামি

খেলাধুলা
ক্লাব বিশ্বকাপে মেসিদের হতাশা, আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করল ইন্টার মায়ামি
নিউজ ডেস্ক
১৫ জুন ২০২৫

প্রথম ম্যাচে জয় নয়, বরং হতাশা নিয়ে ক্লাব বিশ্বকাপ যাত্রা শুরু করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। হার্ড রক স্টেডিয়ামে আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রতিযোগিতার সূচনা করেছে যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

ভক্তদের ভিড়ে মুখরিত ছিল স্টেডিয়াম। প্রত্যাশা ছিল উত্তেজনাপূর্ণ লড়াই, মেসির পায়ের জাদুতে গোলের ঝড়। কিন্তু বাস্তবে মাঠে দেখা গেল অনুজ্জ্বল পারফরম্যান্স। হতাশ হতে হয়েছে হাজারো দর্শককে।

ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাচেরানো ম্যাচ শেষে বলেন, “প্রথমার্ধে আমাদের খেলোয়াড়রা স্নায়ুচাপে ভুগছিল। উদ্বেগের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে দল ঘুরে দাঁড়ায়। সুযোগ তৈরি করেছিলাম, ম্যাচের নিয়ন্ত্রণও ছিল আমাদের হাতে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “এভাবেই খেলতে পারলে আমরা যে কোনো দলকে হারাতে পারি। ফলাফল যাই হোক, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট।”

ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধারহীন ছিল মায়ামি। মেসি চেষ্টা করেছেন, বল ছড়িয়েছেন, কিন্তু সহায়তা পাননি সতীর্থদের কাছ থেকে। দ্বিতীয়ার্ধে দল কিছুটা আগ্রাসী হলেও গোলের দেখা মেলেনি।

আর্জেন্টিনার হয়ে লাতিন আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়ার মাত্র ক’দিন পরই মাঠে নামেন মেসি। পুরো ৯০ মিনিট খেলেছেন। তার শারীরিক অবস্থা ও খেলায় প্রতিশ্রুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ মাচেরানো। তিনি বলেন, “মেসির পেশাদারিত্ব ও খেলার প্রতি ভালোবাসা প্রশংসনীয়।”

গ্রুপের পরবর্তী দুই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ আরও কঠিন — পর্তুগিজ জায়ান্ট এফসি পোর্তো ও ব্রাজিলের শক্তিশালী ক্লাব পালমেইরাস। প্রথম ম্যাচে পয়েন্ট হারানো তাই ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা। মাচেরানোর দলের জন্য এখন প্রত্যেক ম্যাচই বাঁচা-মরার লড়াই।