ঘরে বসেই পোশাক পরা ও দেখা যাবে গুগলের নতুন AI ফিচারে!

ঘরে বসেই পোশাক পরা ও দেখা যাবে গুগলের নতুন AI ফিচারে!
নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৫

ঘরে বসেই পোশাক পরে দেখা, তারপর পছন্দ হলে এক ক্লিকে কেনা— এ যেন স্বপ্ন নয়, বাস্তব! নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) ফিচার চালু করে সেই স্বপ্নকে সম্ভব করেছে গুগল।
‘Virtual Try-On’ নামের এই প্রযুক্তি এখন থেকে ব্যবহারকারীদের নিজ দেহে ভার্চুয়ালি পোশাক ট্রায়াল দিয়ে কেনার সুযোগ দেবে।

গুগলের এই নতুন ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে গুগল সার্চ, শপিং বা ইমেজে গিয়ে পছন্দের পোশাকের প্রোডাক্ট পেজে প্রবেশ করতে হবে।
সেখানে ‘Try It On’ অপশনটি ক্লিক করে নিজের একটি ফুল-বডি ছবি আপলোড করলে, AI প্রযুক্তি সেই ছবিতে ঐ পোশাকটি কেমন দেখাবে তা বাস্তবসম্মতভাবে উপস্থাপন করবে।

চাইলে ব্যবহারকারী নিজের সেই ভার্চুয়াল লুক সংরক্ষণ করতে পারবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গুগলের আগের ভার্চুয়াল ট্রাই-অন ফিচারে কেবল মডেলদের দেহে পোশাক কেমন লাগে তা দেখা যেত।
কিন্তু এবার নিজস্ব দেহের অনুপাতে পোশাকের ফিট, ফ্যাব্রিকের ধরন ও রঙের ছাপ দেখার সুযোগ থাকছে— যা অনলাইন শপিংয়ে একটি ব্যক্তিকেন্দ্রিক এবং বাস্তব অভিজ্ঞতা দেবে।

বর্তমানে ফিচারটি যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে চালু রয়েছে এবং গুগল সার্চ, গুগল শপিং এবং গুগল ইমেজের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।
তবে ভবিষ্যতে এটি আরও দেশ এবং প্ল্যাটফর্মে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 গুগলের নতুন উদ্যোগগুলো কী কী?

  1. ডপল (Doppel): AI-চালিত একটি অ্যাপ, যেখানে ব্যবহারকারী ভিডিও আকারে দেখতে পারবেন— বিভিন্ন পোশাক পরে কেমন দেখাচ্ছে।

  2. প্রাইস অ্যালার্ট: ব্যবহারকারী পছন্দের পোশাকের নির্দিষ্ট দাম, সাইজ বা রঙের উপর ভিত্তি করে অ্যালার্ট সেট করতে পারবেন।

  3. ভিশন ম্যাচ প্রযুক্তি: AI ছবি বিশ্লেষণ করে গুগলের শপিং গ্রাফে থাকা প্রায় ৫০ বিলিয়ন পণ্যের মধ্য থেকে মিল খুঁজে এনে দেবে।

বিশ্লেষকদের মতে, গুগলের এই পদক্ষেপ অনলাইন ফ্যাশন ইন্ডাস্ট্রিকে পুরোপুরি নতুন রূপ দিতে পারে।
এতে ব্যবহারকারীরা অনলাইন কেনাকাটায় বেশি আস্থা ও আকর্ষণ অনুভব করবেন, কারণ ভুল সাইজ বা অনুপযুক্ত ডিজাইনের পোশাক ফেরত পাঠানোর ঝামেলা অনেকটাই কমবে।