ঘুষ-দুর্নীতির অভিযোগে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান
সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, ঘুষ আদায় ও নানা অনিয়মের অভিযোগে পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ জুন) সকাল ১০টার দিকে দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
অভিযানের সময় জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আ. সাহানুরসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান,
“হেড অফিসের নির্দেশে দেশব্যাপী নির্ধারিত কয়েকটি জেলায় নির্বাচন অফিসে অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজ পটুয়াখালীতে অভিযান পরিচালনা করা হয়।”
তিনি আরও বলেন,
“অভিযানে বেশ কিছু প্রক্রিয়াগত অসামঞ্জস্যতা পাওয়া গেছে। সেবা নিতে আসা কয়েকজন নাগরিক আমাদের জানিয়েছেন—তাদের কাছ থেকে ঘুষ দাবি করা হয়েছে বা সঠিক সেবা দেওয়া হয়নি।”
দুদক জানিয়েছে, প্রাথমিক তথ্য সংগ্রহ শেষে বিষয়টি কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে, এবং সেখান থেকে নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তাপস বিশ্বাস আরও জানান,
“দুদক ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং আপসহীন।”


