রাজশাহীতে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী শিশু

দেশজুড়ে
রাজশাহীতে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী শিশু
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

রাজশাহীর বাগমারা উপজেলায় সাত বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের শিকার হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দিনগত রাতে শিশুটিকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৩টার দিকে জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা শিশুটিকে ওসিসিতে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে ওসিসিতে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার বিস্তারিত জানা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, “অভিযোগ পেলে আমরা যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয়দের মাঝে এই ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। শিশুটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।