শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ মামলায় দুই শিক্ষার্থীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

দেশজুড়ে
শাবিপ্রবি ছাত্রী ধর্ষণ মামলায় দুই শিক্ষার্থীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই ছাত্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হারুন-অর-রশীদ এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। শান্ত তারা আদনান সম্পর্কে জানা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং জুলাই হামলা মামলার আসামি।

বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা মো. তাজউদ্দিন জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সকালে প্রায় সাড়ে ৯টায় আসামিদের আদালতে হাজির করা হয়। বেলা ১১টার দিকে রিমান্ড শুনানি শুরু হলে, আদালত চত্বরে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ক্যাম্পাসসংলগ্ন একটি মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এই দুই ছাত্রের বিরুদ্ধে। দীর্ঘ সময় নীরব থাকার পর, ভুক্তভোগী ছাত্রী ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

পরবর্তীতে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।

ঘটনার পর থেকে শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।