ট্রাম্পের বার্তা: ইরান-ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্র আর জড়াবে না
মধ্যপ্রাচ্যে নতুন করে বড় কোনো সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনা আপাতত নেই—এমন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযান চালানো হবে না বলে নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘সোশ্যাল ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,
“ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করতে যাচ্ছে না। যুদ্ধবিমানগুলো বন্ধুত্বের বার্তা দিয়েই ফিরে আসবে। কেউ আঘাত পাবে না। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”
ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট যে, ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে সক্রিয় কূটনীতির পথেই এগোতে চাইছে। তিনি সবাইকে ধন্যবাদ জানান ‘বিষয়টিতে মনোযোগ দেওয়ার’ জন্য।
এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ‘তীব্র প্রতিশোধমূলক হামলা’র হুমকি দিয়েছিল, যা আবারও যুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছিল। কিন্তু ট্রাম্পের পোস্ট পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বার্তা কেবল তেহরান নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শান্তিপ্রিয় মহল এবং আন্তর্জাতিক কূটনীতিকদের জন্যও এক ধরনের আশ্বাস। তবে এখনো পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
তবে কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এমন সরাসরি অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে কিছুটা শান্ত করতে পারে, যদিও বাস্তবতা নির্ভর করবে মাঠের পরিস্থিতি ও অন্যান্য পক্ষের প্রতিক্রিয়ার উপর।


