হরমুজ প্রণালি থেকে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির নৌবাহিনী জানায়, গোয়েন্দা নজরদারি ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি থেকে মার্কিন বাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করা হয়েছে।
বিবৃতিতে জব্দ করা ড্রোনটিকে ‘রেমুস ৬০০’ ধরনের স্বয়ংক্রিয় পানির নিচে চলাচলকারী যান (ইউইউভি) হিসেবে উল্লেখ করা হয়েছে। আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে নজরদারি চালাতে মার্কিন বাহিনী এই ড্রোনটি ব্যবহার করছিল।
ড্রোনটি জব্দের পর এতে থাকা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ড্রোনটির মাধ্যমে সংগৃহীত গোয়েন্দা তথ্য পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চলতি সেপ্টেম্বরের শুরুতেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল আইআরজিসি। নতুন করে আরেকটি ড্রোন জব্দের এ দাবি ওই জলপথে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালি প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপর এ জলপথের পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।
তবে ড্রোন জব্দের বিষয়ে আইআরজিসির দাবির বাইরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।


