প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ

বিনোদন
প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ
নিউজ ডেস্ক
১৭ জুলাই ২০২৫

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তার ফারহাদের দায়ের করা সাইবার অপরাধ সংক্রান্ত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এই আদেশ দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ায় এবং নতুন করে প্রবর্তিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে’ এ অভিযোগ সংশ্লিষ্ট কোনো ধারা না থাকায় মামলাটি খারিজ করা হয়েছে।

গত ১৫ মে আদালতে একটি অভিযোগ দায়ের করেন লায়লা আক্তার ফারহাদ। তিনি দাবি করেন, ১০ মে প্রিন্স মামুন তার বাসায় নিরাপত্তাকর্মীর মাধ্যমে প্রবেশ করেন এবং তাকে আগের একটি ধর্ষণ মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

লায়লার অভিযোগ অনুযায়ী, মামুন তার অনুমতি ছাড়া বাড়ির বিভিন্ন জায়গায় ভিডিও করেন, অশ্লীল অঙ্গভঙ্গি ও গালিগালাজ করেন এবং পরবর্তীতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যসহ ছবি প্রকাশ করেন। এতে তার ব্যক্তিগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি।

অভিযোগ দায়েরের পর আদালত লায়লার জবানবন্দি গ্রহণ করে এবং মামলার আদেশ ঘোষণার জন্য ১৩ জুলাই দিন ধার্য করেন। কিন্তু শুনানিতে আদালত জানান, বর্তমানে বলবৎ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এ উল্লেখিত অভিযোগের জন্য প্রযোজ্য কোনো ধারা না থাকায় মামলার আবেদন গ্রহণযোগ্য নয়।

২০২৪ সালে সরকার ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে নতুন করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ চালু করে, যেখানে পুরনো আইনের বেশ কিছু ধারা বাদ দেওয়া হয় বা সংশোধন করা হয়। এ কারণে অনেক পূর্ববর্তী অভিযোগ নতুন আইনের আওতায় মূল্যায়ন করতে গিয়ে আইনি জটিলতা দেখা দিচ্ছে।

 মামলার আবেদন খারিজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লায়লা আক্তার ফারহাদ। তিনি বলেন, “আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা যদি পার পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?”