নিজ বাড়িতে মার্কিন তারকা দম্পতি খুন, গ্রেফতার ১
সাংবাদিকতা ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া। ‘আমেরিকান আইডল’-এর প্রযোজক ও তত্ত্বাবধায়ক রবিন কে এবং তার স্বামী, গায়ক ও সুরকার থমাস ডেলুকাকে নিজ অ্যাপার্টমেন্টে গুলি করে হত্যা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকায় সোমবার (১৪ জুলাই) রাতের এই মর্মান্তিক ঘটনাটি এখন আলোচিত একটি খুনের মামলায় রূপ নিয়েছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানিয়েছে, পুলিশকে খবর দেওয়ার পর সোমবার সকালে ফ্ল্যাটে প্রবেশ করে তারা মরদেহ দুটি উদ্ধার করে।
দুইজনের দেহই মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে, এবং তারা আলাদা কক্ষে ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
রবিন ও থমাসকে ১৪ জুলাইয়ের পর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না বলে জানান তাদের এক বন্ধু। এরপর তাদের বাসার সামনে রক্তের দাগ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ধারণা করছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তে উঠে এসেছে, গত ১০ জুলাই ওই বাসায় অস্ত্রসহ একজন অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে। যদিও সেদিন পুলিশ গিয়ে কাউকে খুঁজে পায়নি।
পরবর্তীতে ২২ বছর বয়সী রেয়মোন্ড বোডারিয়ান নামে একজনকে আটক করা হয়েছে, যিনি ঘটনার মূল সন্দেহভাজন।
প্রাথমিক তদন্তে জানা যায়, ১০ জুলাই রবিন ও থমাস ফ্ল্যাটে না থাকায় রেয়মোন্ড সেদিনই ফ্ল্যাটে প্রবেশ করে আত্মগোপন করেন।
পরদিন দম্পতি বাসায় ফেরার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এবং এক পর্যায়ে তাদের মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায় অভিযুক্ত।
এ ঘটনায় লস অ্যাঞ্জেলেস পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত চুরির কোনো আলামত পাওয়া যায়নি। এটি স্পষ্টভাবে একটি টার্গেটেড অ্যাটাক।
হলিউডসহ আন্তর্জাতিক সেলিব্রেটি মহল রবিন ও থমাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের স্মরণে শোকবার্তা দিয়েছেন।


