রাজনৈতিক সহমর্মিতা: জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল

জাতীয়
রাজনৈতিক সহমর্মিতা: জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫

বক্তৃতা চলাকালীন জনসভায় অসুস্থ হয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে দলের জনসভায় বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। প্রথমবার ৫টা ২০ মিনিটে অজ্ঞান হয়ে নিচে পড়ে যান তিনি। সহকর্মীদের সহায়তায় উঠে দাঁড়ালেও কিছু সময়ের মধ্যে আবারও শরীর খারাপ অনুভব করেন এবং বুক চেপে ধরেন। তখন নেতাকর্মীরা তাকে বসিয়ে দেন। তবুও সাহসিকতার সঙ্গে তিনি বক্তব্য শেষ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, ততক্ষণই বাঁচব। কেউ বিচলিত হবেন না।” এ সময় তিনি শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষাও প্রকাশ করেন।

বক্তৃতার একপর্যায়ে ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি কেবল একজন রাজনৈতিক নেতার অসুস্থতা নয়, বরং বিএনপি-জামায়াতের সম্পর্ক ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার দিকেও নতুন করে আলোকপাত করেছে।