দীর্ঘ ১৭ বছর শিক্ষাব্যবস্থায় অব্যবস্থাপনা চলেছে: রিজভী

রাজনীতি
দীর্ঘ ১৭ বছর শিক্ষাব্যবস্থায় অব্যবস্থাপনা চলেছে: রিজভী

ছবি: সংগৃহীত

১৯ সেপ্টেম্বর ২০২৬

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, দীর্ঘ সময়ের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রভাব পড়েছে শিক্ষার্থী ও পুরো জাতির ওপর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একটি জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি হলো শিক্ষা। শিক্ষাকে যথাযথ গুরুত্ব না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন। তাঁর অভিযোগ, অতীতে শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য ক্ষমতাশালী মহল থেকে চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী করার পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সরঞ্জাম ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাঁর ভাষ্য, নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে অবৈতনিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষায় প্রণোদনা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়।