উত্তরায় বিমান দুর্ঘটনায় স্তব্ধ দেশ, মিথিলার শোকবার্তা: ‘ভাষা হারিয়ে ফেলেছি’

বিনোদন
উত্তরায় বিমান দুর্ঘটনায় স্তব্ধ দেশ, মিথিলার শোকবার্তা: ‘ভাষা হারিয়ে ফেলেছি’
নিউজ ডেস্ক
২২ জুলাই ২০২৫

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় পুরো জাতি আজ শোকে মুহ্যমান। স্বাধীনতার পর এমন বিভীষিকাময় বিমান দুর্ঘটনার সাক্ষী হয়নি বাংলাদেশ। এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে; আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দেড় শতাধিক।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পরপরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে সৃষ্ট আগুনে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে বহু শিক্ষার্থী হতাহত হয়। নিহতদের অধিকাংশই শিশু।

দেশজুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিনেত্রী ও শিক্ষাবিদ রাফিয়াত রশিদ মিথিলা ফেসবুক পোস্টে লেখেন:

“মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত। এই হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারানো ছোট ছোট বাচ্চাগুলোর পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। প্রতিটি শিশু, তাদের বাবা-মা, পরিবার ও শিক্ষকদের জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করি।”

দুর্ঘটনার পর দমকল, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এখনও কিছু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চলছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

দেশজুড়ে এ দুর্ঘটনা ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বিমানটির রক্ষণাবেক্ষণ ও ওড়ার অনুমতি নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা।