আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন: শ্রাবন্তী
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী রাজনীতি বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পোস্টে। তিনি অনুরোধ করেছেন, যেসব বন্ধু রাজনৈতিকভাবে সক্রিয় বা রাজনৈতিক বিতর্কে জড়িত, তারা যেন তাকে নিজ দায়িত্বে ‘আনফ্রেন্ড’ করেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত শ্রাবন্তী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে, নুরুল আলম আতিক পরিচালিত ‘ডালিম কুমার’ নাটকে। এরপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়।
বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুকে একটি খোলামেলা পোস্টে তিনি লেখেন,
“আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, ভাই-ব্রাদারস, সিস্টারস বা পরিচিত যারা আছেন— যারা পলিটিক্যালি অনেক কিছু বোঝেন বা ইনভলভ, প্লিজ, নিজ দায়িত্বে কষ্ট করে আনফ্রেন্ড করে দিন।”
তিনি আরও লেখেন,
“প্লিজ বাচ্চাদের এসব দেখে আর আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি এবং ড. ইউনূস— এসব আর নেওয়া যাচ্ছে না। আপনি যতই আপন হোন না কেন, প্লিজ আনফ্রেন্ড করে দিন। আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।”
শ্রাবন্তীর এই পোস্ট ঘিরে ফেসবুকে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার ব্যক্তিগত অবস্থানকে সম্মান জানিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন— একজন শিল্পী হিসেবে তার রাজনৈতিক মতামতকে প্রকাশের অধিকার থাকা উচিত কি না।
ইপশিতা শবনম শ্রাবন্তী ৯০’র দশকে ছোটপর্দায় একাধিক নাটক ও নাচের অনুষ্ঠানে পারফর্ম করে দর্শকমহলে প্রশংসিত হন। মডেলিং ও উপস্থাপনাতেও ছিলেন সরব। তবে হঠাৎই আড়ালে চলে যান এবং এখন যুক্তরাষ্ট্রে পারিবারিক জীবনে ব্যস্ত রয়েছেন।


