শুটিং সেটে মারাত্মকভাবে আহত সুনেরাহ, হাঁটুতে রক্তক্ষরণ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং সেটে ভয়ানক দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের দৃশ্য ধারণের সময় তিনি গুরুতর আহত হন।
শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান সুনেরাহ। এতে তার দুই হাঁটুতে মারাত্মক ক্ষত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।
মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সুনেরাহ বলেন,
“ঘোরার একটি দৃশ্য ছিল। হঠাৎ লাইটের স্ট্যান্ডে পা লেগে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিঁড়ে রক্ত পড়তে থাকে। মাংস উঠে গিয়েছিল। তখনো ব্যথা টের পাইনি, কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছি।”
তিনি জানান, পায়ে ফ্র্যাকচার হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নন। শিগগিরই এক্স-রে করে দেখা হবে।
২০১১ সালে র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুনেরাহ বিনতে কামাল। থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয়জগতে প্রবেশ করেন। ২০১৯ সালে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সেই চলচ্চিত্রেই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
বর্তমানে বিশ্রামে রয়েছেন সুনেরাহ। চিকিৎসকের পরামর্শে কিছুদিন সব ধরনের শুটিং বন্ধ রেখেছেন তিনি। নির্মাতা ও সহশিল্পীদের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


