‘নাটক কম করো পিও’, কেন তিশার উদ্দেশে এ কথা বললেন শাওন
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্ট ঘিরে ফের আলোচনায় এসেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ ফজিলাতুন্নেসার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরে শাওনের এই পোস্টে পরোক্ষ সমালোচনা ও আক্ষেপের সুর স্পষ্ট হলেও, এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি তিশা।
রোববার (১০ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাওন লেখেন:
“এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম… আমার বোনকে ‘আপুনি’ ডাকতো, তাকেও একইভাবে দেখতাম।”
পোস্টে শাওন তিশার সঙ্গে একাধিকবার কাজ করার অভিজ্ঞতা, তাদের পারিবারিক পরিচয় এবং রাজনৈতিক ঘনিষ্ঠতার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি আরও লেখেন,
“মুজিব সিনেমাটি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার অভিনয়ই যখন দেখলাম, শখ মিটে গেছে।”
এই মন্তব্যটি নিয়েই মূলত আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।
শাওনের এই পোস্টে তিশার পুরনো রাজনৈতিক সংযোগ, প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বর্তমানে তার অবস্থান নিয়ে নাগরিক অস্বস্তি প্রকাশ পেয়েছে বলে মনে করছেন অনেকেই। যদিও শাওন সরাসরি তিশার রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু বলেননি, তবে সাবেক সরকারের সঙ্গে তিশার সম্পৃক্ততার ছবি ও ভিডিও সংযুক্ত করায় ইঙ্গিত স্পষ্ট।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, শাওনের এই পোস্টে ব্যক্তিগত আঘাতের অনুভব যেমন আছে, তেমনি রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের ছায়াও।
শাওনের পোস্টে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া এলেও, বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নুসরাত ইমরোজ তিশা কোনো মন্তব্য করেননি। তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও এ বিষয়ে কোনো পোস্ট দেখা যায়নি।
এক পক্ষ বলছেন, শাওনের মতো একজন শিল্পীর কাছ থেকে এমন পোস্ট ‘অনুচিত’, যেখানে ব্যক্তিগত অভিমান প্রকাশ পেয়েছে। অন্য পক্ষ বলছেন, একজন শিল্পী সমাজ ও সময়ের প্রতিচ্ছবি—তাই শাওনের বক্তব্যও একটি নির্দিষ্ট বাস্তবতার প্রতিফলন।


