সরকারকে যে হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী চমক

বিনোদন
সরকারকে যে হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী চমক
নিউজ ডেস্ক
৩১ আগস্ট ২০২৫

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে ক্ষোভ জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চমক লেখেন —

“মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”

তার এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ একে সাহসী অবস্থান বলে সমর্থন জানালেও, অনেকে এটিকে অবিবেচক এবং একপেশে মন্তব্য বলেও উল্লেখ করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সমর্থকদের মতে, রাজধানীর ক্রমবর্ধমান যানজটের জন্য ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল অন্যতম কারণ। তারা মনে করেন, অদক্ষ চালক, লাইসেন্সবিহীন বাহন এবং যত্রতত্র চলাচল শুধু যানজটই বাড়ায় না, দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।

অন্যদিকে, সমালোচকদের দাবি, এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এমন হুঁশিয়ারি মূল সমস্যার সমাধান নয়। একজন শিল্পী হিসেবে চমকের উচিত ছিল সমস্যাটির সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া। তারা বলেন, “নিম্ন আয়ের মানুষের জীবিকা ও বিকল্প ব্যবস্থার অভাব না বুঝেই এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।”

রুকাইয়া জাহান চমক এর আগেও নারীর অধিকার, সংসারজীবন এবং সম্পর্ক নিয়ে স্পষ্ট মতামতের জন্য সামাজিক মাধ্যমে আলোচিত হয়েছেন। এবারো তার মন্তব্য দেশের শহর ব্যবস্থাপনা ও নাগরিক জীবনযাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি না থাকলেও নিয়ন্ত্রণহীনভাবে এদের চলাচল চলছেই। বিষয়টি কঠোর মনিটরিংয়ের পাশাপাশি সুনির্দিষ্ট নীতিমালা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে এ ধরনের সমস্যার সমাধান হবে না।